চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি কারখানায় গরুর পঁচা ভূড়ি দিয়ে তৈরি হচ্ছে দুধের ছানা। এসব ছানা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়ে থাকে।
উপজেলার কানসাট ইউনিয়নের পার কানসাট কলকলিয়া ব্রিজের পাশে একটি বাড়ি ভাড়া নিয়ে এই অবৈধ কারখানা চালাচ্ছে মোবারকপুর টিকরি গ্রামের সাদিকুল ইসলামের ছেলে আব্দুল মমিন ঘোষ।
সরেজমিনে গিয়ে দেখা যায় কারখানার ভিতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বালতির ভিতর নোংরা পানিতে ডুবিয়ে রাখা হয়েছে গরুর পঁচা ভুঁড়ি। সেই সাথে ছিল বেশ কিছু পোকামাকড়ও ।
ছানা কারখানায় ক্রিয়াকরণের কাজে নিয়োজিত মুকুল আলীর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি প্রায় ৬ মাস যাবত এই কারখানায় বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করছি এবং শুরু থেকেই প্রক্রিয়াকরণের কাজে গরুর ভুঁড়ি ব্যবহার করে আসছি ।
খাবারের সাথে এমন নোংরা ও অস্বাস্থ্যকর পঁচা গরুর ভূড়ি ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং আইনের লংঘন কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, খাবার জিনিসের সাথে এসব মেশানো ক্ষতিকর, কিন্তু কারখানার মালিক আব্দুল মমিন আমাকে যা যা করতে বলেন বেতনভুক্ত কর্মচারী হিসেবে আমি তাই করি । এক্ষেত্রে আমার কোন দোষ নেই এবং আমি মিথ্যা কথাও বলবো না ।
কারখানার পরিচালক আব্দুল মোমিনের কাছে জানতে চাইলে তিনি জানান, প্রশাসনে আমার বড় ভাইয়েরা আছেন, তারা আমাকে বলেছেন দুধের সাথে ভুঁড়ি ব্যবহার করলে কোন সমস্যা হবেনা তাই করছি ।
কারখানাটিতে এমন অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ সহ স্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর পঁচা গরুর ভুঁড়ি ব্যবহারের বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা স্যানিটেশন ইন্সপেক্টর নিতাই চন্দ্র বলেন, দুধের ছানার সাথে গরুর ভুঁড়ি মেশানো সম্পূর্ণ অবৈধ। আমাদের চোখের আড়ালে এমন কারখানা পরিচালনা হচ্ছে। এখন আপনারা জানালেন আমরা সেটা পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব ।
সংগৃহীত পোস্ট: চাঁপাই বার্তা


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন